শুক্রবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’
দেশের সিনেমা হলে মুক্তির জন্য এখনো ছাড়পত্র মেলেনি। তবে আগামী শুক্রবার ভারতীয় ওটিটি প্লাটফর্ম সনি লাইভে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘শনিবার বিকেল’ সিনেমাটি। সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করে এ ঘোষণা দেয়া হয়েছে।
এ নিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, একসঙ্গে এতো কিছু আসছে যে আমারই দিশেহারা অবস্থা। ‘শনিবার বিকেল’ ওটিটিতে আসছে, ফাইনালি ২৪ নভেম্বর, সনি লিভ-য়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে!
আগামী ৩০ নভেম্বর চরকি-তে তার নতুন সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আসছে উল্লেখ করে তিনি বলেছেন, দুইটা সম্পূর্ণ দুই রকম অভিজ্ঞতা হবে আশা করি। দুইটা ছবিই দেখবেন, কথা বলবেন, এই কামনায়।এই দুইটা ছবির পর আরও কিছু আসবে, সেটাও দ্রুত। এবং সেগুলা এই দুইটা থেকেও আলাদাই হবে ইনশাল্লাহ।
সবার মঙ্গল কামনা করেও ফারুকী লিখেছেন, আসলে ছয়টা বছরতো আমার সিনেমা মানুষের কাছে যায় নাই। ফলে এক সাথে অনেক কিছু এখন আসবে, অনেক রকম আসবে! গুস্তাখি মাফ করবেন। সবার মঙ্গল হোক।







